
বিএনপির কারামুক্ত নেতাকর্মীরা আন্দোলনের বারুদে খাটি স্বর্ণে পরিণত হচ্ছে দাবি করে দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এ সরকার যত বেশি অত্যাচার-নির্যাতন করবে, অত্যাচারিত ও নিগৃহীত জনতার আন্দোলনের বারুদে তত দ্রুত তাদের পতন ঘটবে।
আজ সোমবার রাজধানীর গোপীবাগস্থ বাসভবনে সদ্য কারামুক্ত ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং ওয়ারী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা সাব্বির আহমেদ আরিফ, ৩৮ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান মনা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ্, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা মো. রিমনসহ ওয়ারী থানা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটতরাজের কথা শুধু দেশের মানুষই জানে না, বহির্বিশ্বও অবগত। তাই এই সরকার আজ বন্ধুহীন হয়ে পড়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা হিংস্র হয়ে উঠেছে। তাদের সময় শেষ হয়ে আসছে। জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে।
বাবু/এসআর