প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৪ পিএম আপডেট: ২৩.০২.২০২৩ ৪:৪৮ পিএম (ভিজিট : ১৭৪)

X
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অস্তিত্বের সংকট চলছে। ১৪ বছর ধরে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, প্রতিনিয়ত গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করেছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। জনগণ নির্বাচন ব্যবস্থা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করেছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের বৈঠক হয়। ওই বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব বলেন।
বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল এবং নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে গণতন্ত্র মঞ্চের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে চার বছর ধরে প্রথমে কারাগারে পরে গৃহবন্দী করে রাখা হয়েছে। ভিন্নমত দমনে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করছে এ সরকার। তেল, গ্যাস, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলছে। সরকারের দুর্নীতির কারণে এসব হচ্ছে।
তিনি বলেন, আন্দোলন শুরু হয়ে গেছে, জনগণের স্বপ্ন ভঙ্গকারীদের সরাতে হবে। জনগণের অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরাতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের ৩৫ লাখ নেতা-কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। দেশকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে।
মির্জা ফখরুল বলেন, ১০ দফা দাবি দেওয়া হয়েছে। সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন দিতে হবে। জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। আন্দোলনকে তৃণমূলে আরও ছড়িয়ে দিয়ে সরকারের পতন ঘটানোর আহ্বান জানান তিনি।
-বাবু/এ.এস