প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৮:১০ পিএম (ভিজিট : ১৩৬)

X
নির্বাচন কমিশন (ইসি) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেরামতের জন্য সরকারের কাছে ১ হাজার ২৬০ কোটি বরাদ্দ চেয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে এ সংক্রান্ত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। হাতে থাকা মেশিনগুলো মেরামতের জন্য ১২৬০ কোটি টাকা প্রয়োজন। এই বিষয়টিই উল্লেখ করা হয়েছে চিঠিতে।
সোমবার নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান জানান, হাতে থাকা দেড় লাখ মেশিনের মধ্যে ৪০ হাজার মেরামত অনুপযোগী। অবশিষ্ট ১ লাখ ১০ হাজার মেশিন মেরামতে জন্য ১ হাজার ২৬০ কোটি টাকা প্রয়োজন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দেড় লাখ ইভিএম মেশিন কিনেছিল তৎকালীন কে.এম নূরুল হুদা কমিশন। সে সময় জাতীয় নির্বাচনে ছয়টি আসনে ইভিএম ব্যবহার করেছিল তারা। বাকিগুলো বিভিন্ন আসনের উপ-নির্বাচনসহ স্থানীয় নির্বাচনে ব্যবহার করা হয়। কিছু মেশিন বিএমটিএফ-এর ওয়্যারহাউজে সংরক্ষিত আছে।
সবমিলিয়ে ১ লাখ ১০ হাজার মেশিন ব্যবহারযোগ্য করে তুলতে হবে। সেগুলোই এখন মেরামত করার ওপর নির্ভর করবে সংসদ নির্বাচনে ব্যবহারযোগ্য মেশিনের সংখ্যা। আর এটি নির্ভর করবে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া অর্থ বরাদ্দের ওপর।
বাবু/জেএম