প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৩:৪৬ পিএম (ভিজিট : ১৫২)

X
রাজধানীর গুলশান এলাকা থেকে জামায়াতে ইসলাম গুলশান পূর্ব শাখার সভাপতি হোসাইন বিন মানসুরসহ জামায়াত শিবিরের মোট ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
সোমবার রাত ১০টা ১৫ মিনিটে গুলশানের শাহজাদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ২ জন মহিলা সদস্য। গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৮টি ককটেল বোমা, ২০টি সদস্য ফরম, ৩২টি লিফলেট, ১০টি মাসিক রিপোর্ট ফরম, ১০টি রোকন চেক লিস্ট, ১৩টি নির্দেশিকা, ১৪টি ইসলাম ও সন্ত্রাসবাদ বিষয়ক বই, ২০টি জামায়াত পরিচিতি, ১৬টি ইসলাম ও গণতন্ত্র বই, ৯টি পরিবর্তন দেখাতে চায় জামায়াত বিষয়ক বই, ৬টি দ্বীন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব বিষয়ক বই, ১টি ব্যক্তিগত রিপোর্ট বই, ১টি সংগঠন প্দ্ধতি বই, ১টি বিচারের নামে প্রহসন বই, ৪টি মুক্তিযোদ্ধারা কেন মৌলবাদী দলে বিষয়ক বই, ৩টি দেশটা কী রাজাকারমুক্ত হবে শীর্ষক বইও ৭ কপি সমাজসেবা বুলেটিন উদ্ধার করা হয়।
গুলশান থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শাহজাদপুরের একটি বাড়ির নিচ তলায় ভাড়াকৃত অফিস কক্ষে নির্বাচিত সরকারের ভাবমূর্তি নস্যাৎ করাসহ বাংলাদেশ জামায়াত ইসলামী সংগঠনের সরকার বিরোধী এজেন্ডা বাস্তবায়ন ও সরকারকে বেকায়দায় ফেলার লক্ষ্যে জামাত শিবিরের নেতাকর্মীদের করণীয় বর্জনীয় বিষয় আলোচনার জন্য ককটেল বোমাসহ অবস্থান করছিলো। এ সংবাদের ভিত্তিতে গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরাসহ অজ্ঞাতনামা অভিযুক্তগণ বেআইনিভাবে দলবদ্ধ হয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নসহ রাষ্ট্রীয় সস্পদ ও জনগণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে ককটেল বোমাসহ অর্ন্তঘাতমূলক কর্মকান্ড ঘটানোর প্রস্তুতি গ্রহণ করছিলো।
এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাবু/জেএম