ট্রেনের টিকিট প্রত্যাশীদের চাপে সার্ভারে জটিলতা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি হচ্ছে। তবে রেলের অনলাইন সার্ভারে অতিরিক্ত চাপ থাকায় শনিবার (৮

2023-04-08T12:59:00+00:00
2023-04-08T12:59:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রেনের টিকিট প্রত্যাশীদের চাপে সার্ভারে জটিলতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১২:৫৯ পিএম   (ভিজিট : ১৩৮)
X


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি হচ্ছে। তবে রেলের অনলাইন সার্ভারে অতিরিক্ত চাপ থাকায় শনিবার (৮ এপ্রিল) ধীর গতিতে টিকিট কাটতে হচ্ছে বলে জানা গেছে।

শুক্রবার (৭ এপ্রিল) থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায় ১৭ তারিখের টিকিট। তবে আজ শনিবার তেমনটি দেখা যাচ্ছে না।

এদিন টিকিট বিক্রির চিত্র অনেকটাই উলটো। টিকিট প্রত্যাশীরা অনলাইনে সময়মতো ঢুকতে পারছেন না। তাই যথাসময়ে টিকিট ক্রয়ও করতে পারছেন না।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার সময় সংবাদকে বলেন, ‘ঈদ যাত্রায় রেলের আগাম টিকিট প্রত্যাশীদের চাপ বেশি থাকায় সার্ভারে জটিলতা তৈরি হয়েছে। এ কারণেই টিকিট বিক্রিতে ধীরগতি দেখা যাচ্ছে।’
 
রেলের অ্যাপে প্রতি মিনিটে অন্তত ১০ লাখ ভিজিটর প্রবেশ করতে পারেন। এছাড়া প্রতি মিনিটে টিকিট বিক্রি করা যায় আট হাজার। কিন্তু আজ টিকিট প্রত্যাশীদের চাপ অনেকটাই বেশি। আজ অন্তত ১৩ লাখ ভিজিটর একবারে প্রবেশ করছেন, এ কারণেই জটিলতা তৈরি হয়েছে বলেও জানান তিনি।

রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, আজকে অতিরিক্ত যাত্রী চাহিদা রয়েছে। আর সে কারণেই টিকিট প্রত্যাশীর সংখ্যাও প্রচুর।
 
আর তাই যারা বাসায় বসে সার্ভারে ঢুকতে পারছেন না, টিকিট কাটতে পারছেন না তারা উপায়ন্তর না দেখে কমলাপুর স্টেশনে এসে কাউন্টারের সামনে ভিড় করছেন।
 
এদিকে শনিবার (৮ এপ্রিল) বিক্রি হচ্ছে ১৮ এপ্রিলের টিকিট, রোববার (৯ এপ্রিল) বিক্রি হবে ১৯ এপ্রিলের টিকিট, সোমবার (১০ এপ্রিল) ২০ এপ্রিল ও মঙ্গলবার (১১ এপ্রিল) বিক্রি করা হবে ২১ এপ্রিলের টিকিট।
 
একইভাবে ঈদে ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। প্রথম দিন (১৫ এপ্রিল) বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট, ১৬ এপ্রিল বিক্রি করা হবে ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল বিক্রি করা হবে ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল বিক্রি করা হবে ২৮ এপ্রিলের টিকিট, ১৯ এপ্রিল বিক্রি করা হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের টিকিট।

ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।
 
ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।

-বাবু/এ.এস





  বিষয়:   ট্রেন  টিকিট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy