প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১২:০২ এএম (ভিজিট : ১৩৭)

X
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশ ও দেশের মানুষকে রক্ষায় জাতীয়তাবাদী শক্তি ও দেশপ্রেমিক শক্তির সবাইকে সরকার পতন ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে। সংকট উত্তোরণে এর কোনো বিকল্প নেই।
আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিহত যুবদলের নেতা-কর্মীদের পরিবারকে ঈদ উপহার এবং আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
যুবদল সভাপতি বলেন, দেশে যদি জনগণের সরকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে বর্তমান সরকারকে হটানোর কোনো বিকল্প নেই। অতীতের কোনো স্বৈরাচারী সরকার আপসে ক্ষমতা ছাড়েনি। পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব সরকার ও এরশাদের সরকারও আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। তাই আজকে সবার মুখেই এক কথা, জনগণকে সঙ্গে নিয়ে কঠিন ঐক্য গড়ে তুলে জাতীয়তাবাদী শক্তি ও দেশপ্রেমিক শক্তির সবাইকে এক কাতারে দাঁড়িয়ে আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটাতে হবে।
টুকু আরও বলেন, এই সরকার জনবিচ্ছিন্ন। আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধভাবে ব্যবহার করে জোর করে ক্ষমতায় টিকে আছে তারা। দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হলে লড়াইয়ের কোনো বিকল্প নেই। দেশ যেমন যুদ্ধে স্বাধীন হয়েছে, তেমনি বর্তমান সমস্যাও রাজনৈতিক যুদ্ধের মাধ্যমে সমাধান হবে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি, যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহসাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।
বাবু/মম