প্রকাশ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ১২:৪২ পিএম (ভিজিট : ১৩২)

X
আজ শনিবার পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার বৃষ্টি ও কালবৈশাখী হয়েছে দেশের বিভিন্ন স্থানে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, শুক্রবার থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপ কমতে শুরু করেছে। তাপ কমার এই প্রবণতা থাকবে অন্তত তিন দিন। আর ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে—৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়—৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমে গেছে। তাপমাত্রা কমছে রাজধানীতেও।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, তাপমাত্রা কমছে। এ প্রবণতা শুক্রবার থেকে শুরু হয়েছে, এটি অন্তত তিন দিন থাকবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে।
এই বৃষ্টির কারণেই মূলত দেশে তীব্র তাপপ্রবাহ কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা ছয়টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু জায়গায় এই তাপপ্রবাহ কমে আসবে। আগের ২৪ ঘণ্টায় রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল।
আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আট বিভাগের মধ্যে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও বরিশালে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। তবে রংপুর, খুলনা ও রাজশাহীতে বৃষ্টি অপেক্ষাকৃত কম হতে পারে।
-বাবু/এ.এস