প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৩:৪৮ পিএম (ভিজিট : ১৯৮)

X
২৮ এপ্রিল, শুক্রবার দুপুরের পর তিন বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ১১ জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
তিনি বলেছেন, শুক্রবার দুপুর ২টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বৃহত্তর ফরিদপুর-মাদারীপুর এলাকার জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
এর ফলে এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, গোপালগঞ্জ, পিরোজপুর, বরগুনা, নড়াইল, ঝালকাঠি, মাদারীপুর, মাগুরা জেলায়।
এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার বাংলাদেশ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ পাবনা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
-বাবু/এ.এস