নদী দখলে ক্ষমতাসীন দলের নেতারা জড়িত : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের ভেতরে, বিশেষ করে ঢাকার আশপাশের নদী দখলের জন্য ক্ষমতাসীন দলের নেতাকর্মী জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব

2023-05-05T22:22:08+00:00
2023-05-05T22:22:08+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নদী দখলে ক্ষমতাসীন দলের নেতারা জড়িত : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১০:২২ পিএম   (ভিজিট : ১৬১)
X

দেশের ভেতরে, বিশেষ করে ঢাকার আশপাশের নদী দখলের জন্য ক্ষমতাসীন দলের নেতাকর্মী জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ক্ষমতাসীনদের প্রশ্রয়ে তাদের লোকজনই নদীগুলো দখল করছে। এ ছাড়া বর্তমান সরকার উন্নয়নের ঢাকঢোল বাজায় প্রতিনিয়ত, কিন্তু নদী পরিশুদ্ধ করার বা নদীগুলোকে সঠিকভাবে প্রবাহিত করার সুযোগ করার জন্য তাদের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আমার চোখে পড়েনি।’

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন : বাংলাদেশ ও নদী’ শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীমউদ্‌দীন মওদুদ। শুরুতেই কোরআন তিলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।

জলবায়ু পরিবর্তন নিয়ে সরকারের মাথাব্যথা নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ সরকার যা খুশি তা-ই করছে। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় তারা। গণতন্ত্র নেই বলেই জনগণের কাছে তাদের জবাবদিহি নেই। আর জবাবদিহি নেই বলেই ক্ষমতাসীনরা দেশের ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হয়েছে। তাদের লক্ষ্য একটাই, সেটা হলো জোর করে হলেও ক্ষমতায় টিকে থাকতে হবে। ক্ষমতায় থাকতে তারা যা খুশি তা-ই করছে। এমন পরিস্থিতিতে দেশের মানুষকে টিকে থাকতে হলে গণতন্ত্র ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।’

তিনি বলেন, ‘লন্ডনে গেলে দেখবেন, তারা টেমস নদী কীভাবে পরিশুদ্ধ করেছে। ফলে এত বড় একটা শহর হওয়া সত্ত্বেও টেমস নদীর পানি এতটুকু দূষিত হয়নি। অথচ আমাদের বুড়িগঙ্গার পাশ দিয়ে যাওয়া যায় না। দুর্গন্ধের কারণে নদীর ওপর দিয়ে যাওয়া তো দূরের কথা, পাশ দিয়েও যাওয়া যায় না। আর তুরাগে গেলে দেখা যায়, তুরাগ মরে গেছে। এখন শুরু হয়েছে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা। এগুলোও মৃত্যুর দিকে চলে যাচ্ছে। এ ছাড়া সাভার ও ধামরাইয়ে ছোট যেসব নদী আছে, সেগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে।’

ফখরুল বলেন, ‘আমাদের জীবন-জীবিকার সঙ্গে যে বিষয়গুলোর অবিচ্ছেদ্য সম্পর্ক, সেগুলো আমরা নিজেরাই ধ্বংস করছি। তিস্তা নিয়ে সরকার ভারতের সঙ্গে কোনো কথা বলেনি। ফলে উত্তরাঞ্চল মরুভূমিতে রূপান্তর হতে যাচ্ছে। সরকার ন্যায্য হিস্যা নিয়ে কোনো প্রতিবাদ করে না, বরং টিপাই মুখ নিয়ে প্রতিবাদ করায় হয়তো বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও বিএনপির জলবায়ুবিষয়ক সহসম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু ও মোস্তাফিজুর রহমান বাবুলের যৌথ পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পানিসম্পদমন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন প্রমুখ। সংশ্লিষ্ট বিষয়ে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. এ কে এনামুল হক, এম জাকির হোসেন খান ও ড. শেখ ফরিদুল ইসলাম।


বাবু/মম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy