
X
গরমে, ঘামে খুব সহজেই মাথার ত্বক তেলতেলে হয়ে যাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রায় রোজ শ্যাম্পু করেন অনেকে। জানেন রোজ শ্যাম্পু করা চুলের জন্য খারাপ। মাথার ত্বক অতিরিক্ত শুষ্কও হয়ে পড়তে পারে। কিন্তু মাথার এই চিপচিপে চুল নিয়ে বাইরে বেরোতেও অস্বস্তি বোধ করেন অনেকে। তাই শ্যাম্পু ছাড়া গতি নেই। কিন্তু এই বিষয়ে চর্চা করেন যাঁরা, তাঁদের মতে রোজ রোজ শ্যাম্পু করলে চুলের তেলতেলে ভাব কাটে ঠিকই, তবে মাথার ত্বকে পিএইচের ভারসাম্য নষ্ট হয়। তাই স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মাথার ত্বকে তেলের ভারসাম্য রাখা জরুরি।
আসুন জেনে নেই, এইসময় চুলের যত্নে যা করবেন-
> চুল পড়া ও খুশকি দূর করতে ভেষজ উপাদানে তৈরি ঘরোয়া প্যাক ব্যবহার করা যেতে পারে। মেথি চুলের জন্য খুবই উপকারি। মেথি সারারাত ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিন। খুশকির সমস্যা থাকলে মেথি বাটার সঙ্গে লেবুর রস নিন। টকদই ও পাকা কলা কিংবা ডিমের সাদা অংশ মেথিতে যোগ করুন। এই মিশ্রণটি চুলে রেখে এক থেকে দুই ঘন্টা অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। মেথি ভেজানো পানি চুলের কন্ডিশনার হিসেবে ব্যবহার করা ভালো। মিশ্রণটি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে। এছাড়া সপ্তাহে অন্তত একদিন তেল গরম করে চুলের গোড়ায় মাসাজ করতে হবে।
> চুলের ভেতরে যদি ঘেমে যায় তাহলে ভেজা চুল বেঁধে না রেখে ফ্যানে শুকিয়ে নিন। ভেজা চুল বেঁধে রাখলে চুল পড়া বাড়ে।
> গোসল করার পর ভেজা অবস্থায় চুল আঁচড়ানো উচিত না। তখন চুলের গোড়া এমনিতেই নরম থাকে। ফলে সহজেই চুল পড়ে যায়।
> গরমকালে ধুলোবালি ও অতিরিক্ত ঘামের কারণে চুল অপরিষ্কার হয় সহজেই। এজন্য অনেকেই প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করেন। এতে চুলের ক্ষতি হয়। এসময় বাইরে গেলে মাথা আলাদা কাপড় দিয়ে ঢেকে নিতে পারেন। এতে চুলে ময়লা লাগবে কম। সপ্তাহে দুই থেকে তিনদিন শ্যাম্পু ব্যবহার করা ভালো।
> তাজা শাক-সবজি, ফল ও বাদাম ভেতর থেকে পুষ্টি যোগায়। চুলের সৌন্দর্য ধরে রাখতে তাই নিয়মিত এই খাবারগুলো খেতে হবে। তাছাড়া করোনাভাইরাস ঠেকাতে চিকিৎসকরা পুষ্টিকর খাবারের পরামর্শ দিচ্ছেন। ফলে এসময় পুষ্টিকর খাবারদাবারের কোন বিকল্প নেই।
> এছাড়া প্রয়োজনের অতিরিক্ত কন্ডিশনার চুলে ব্যবহার করা উচিত না। বারবার চুল আঁচড়ালেও চুল পড়ার আশঙ্কা বেড়ে যায়।
> অ্যালো ভেরা চুলের জন্য বেশ উপকারী। এই পাতার শাঁস দিয়ে বানানো প্যাক চুলের যাবতীয় সমস্যা দূর করে। জেনে নিন কিছু অ্যালো ভেরার হেয়ার প্যাক-
অ্যালো ভেরা এবং নারকেল তেলের মাস্ক
২ টেবিল চামচ অ্যালো ভেরা পাতার শাঁসের সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। গোসলের আধ ঘণ্টা আগে মাথায় মেখে রেখে দিন। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
অ্যালো ভেরা এবং দইয়ের মাস্ক
অ্যালো ভেরা পাতার শাঁস এবং দই সমপরিমাণে মিশিয়ে নিন। এ বার স্নানের আগে এই মিশ্রণ মাথার ত্বক থেকে চুলের দৈর্ঘ্যে মেখে রাখুন। আধঘণ্টা পর হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
অ্যালো ভেরা এবং মধুর মাস্ক
২ টেবিল চামচ অ্যালো ভেরা পাতার শাঁস এবং ১ টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথার ত্বকে মেখে রাখুন কিছু ক্ষণ। হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
-বাবু/ সাদরিনা