প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৮:০৯ পিএম (ভিজিট : ১৩০)

X
সম্প্রতি দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং পৌরসভায় ভারী বৃষ্টিপাতের কারণে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন নিখোঁজ রয়েছে। বুধবার (৫ জুলাই) সংবাদমাধ্যম এনডিটিভি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের গণমাধ্যম সংবাদ জিনহুয়া জানায়, 'সোমবার থেকে এ ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং বুধবার স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত অব্যাহত থাকে। এ বৃষ্টিপাত চলাকালীন চংকিং পৌরসভায় মোট ১৫ জন মারা যান এবং ৪ জন এখনো নিখোঁজ।'
এছাড়া গত মঙ্গলবার (৪ জুলাই) স্থানীয় কর্মকর্তারা চীনের মধ্যাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমের বড় অংশজুড়ে বৃষ্টিপাত সম্পর্কিত দুর্যোগের সতর্কবাণী দিয়ে দেয়। প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশনা দেন, 'সব পর্যায়ের কর্তৃপক্ষকে এখন শুধুমাত্র মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে।'
শি'র বরাত দিয়ে জিনহুয়া আরও জানান, 'সকল স্তরের শীর্ষ কর্মকর্তাদের বন্যার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এমতাবস্থায় ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে রাখাটা আমাদের দায়িত্ব।'
চীনের সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, মঙ্গলবার কর্মীরা আবিষ্কার করে যে চংকিং-এর উপকণ্ঠে একটি বিলুপ্ত রেলসেতু ধসে পড়েছে। তারা আরও জানান ভারী বৃষ্টিপাতের কারণেই এরকমটা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পার্শ্ববর্তী সিচুয়ান অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে ৪ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা আরও জানান, প্রায় ৮৫,০০০ মানুষ বৃষ্টি থেকে বাঁচতে তাদের বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে এবং চলতি সপ্তাহেও দেশের কিছু পার্বত্য এলাকায় বন্যা ও ভূমিধস হতে পারে।
বাবু/জেএম