প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৬:০৩ পিএম (ভিজিট : ১৭৯)

X
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে মারধরের ঘটনায় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান।
সোমবার (১৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তিনি। মনির হোসাইন খান বলেন, হিরো আলমকে মারধরের ঘটনায় পুলিশের কাছে ভিডিও রয়েছে। সেই ভিডিও দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে তিনি বলেন, আশরাফুল আলম নামে একজন প্রার্থী ৬০-৭০ জন লোক নিয়ে কেন্দ্রে এসেছিলেন। তখন দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের সেখানে প্রবেশে বাধা দিয়ে প্রটোকল দিয়ে বের করে দেন।
হিরো আলমের ওপর হামলা হয়েছে, তাহলে কি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই? এ প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, না নিয়ন্ত্রণ আছে। তাকে কেন্দ্রের ভেতরে মারধর করা হয়েছে কিনা সেটি তো আমি দেখিনি। মারধরের অভিযোগ আমার কাছে এসেছে। আমি বিষয়টি দেখছি। আমাকে তো বিষয়টি আগে দেখতে হবে। বিষয়টি খতিয়ে দেখার পর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, এখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে উনিও (হিরো আলম) কিন্তু কোনো অভিযোগ করেননি। হামলাকারীরা কোনো স্লোগান দিয়েছিল কিনা এবং ব্যাজ পরিহিত ছিল কিনা সবকিছু খতিয়ে দেখা হবে।
বাবু/জেএম