প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ১২:৩৪ পিএম (ভিজিট : ৪৭৫)

X
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশকে ডিজিটাল হিসেবে গড়ে তোলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অথচ এ নিয়ে একসময় আমাদের ব্যঙ্গ করা হতো। সে সময় যারা ডিজিটাল বাংলাদেশ নিয়ে ব্যঙ্গ করেছিল এখন তারাই নানান অপপ্রচারে এর বেশি ব্যবহার করছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’র প্রথম সভায় তিনি এ কথা বলেন।
দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অনেক উন্নত দেশ থেকেও এগিয়ে। স্মার্ট বাংলাদেশ গঠনে দক্ষ জনশক্তি তৈরি করতে সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান।
আওয়ামী লীগ সরকারের সময়ে নেয়া বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে করতে কায়িক শ্রমের কোনো দরকার পড়বে না। ড. শহীদুল্লাহ অনেক আগে একটি আর্টিকেলে লিখেছিলেন যে, একসময় মানুষের অবয়ব কেমন হবে। তিনি লিখেছিলেন বড় একটা মাথা থাকবে আর দুটি আঙ্গুল থাকবে বোতাম টেপার জন্য। তখন আমরা চিন্তা করতাম এসব কথা তিনি কোথায় পান। আজকে দেখছি তার কথাই সত্যি।
সরকার প্রধান বলেন, দ্রুত ইন্টারনেট ব্যবহারে সাবমেরিন ক্যাবলের ব্যবস্থা করেছি। আমাদের প্রতিটি টেলিফোন ছিল অ্যানালগ আমরাই তা প্রথম উদ্যোগ নিয়ে ডিজিটাল টেলিফোন চালু করি। মোবাইল ফোন ঢাকা আর চট্টগ্রাম ছাড়া কোথাও চলতো না। একটা মাত্র কোম্পানি ছিল, মোবাইলে কল করলে ১০ টাকা প্রতি মিনিট, ধরলেও ১০ টাকা প্রতি মিনিট। সেই জায়গা থেকে আমাদের প্রচেষ্টা ছিল মানুষের হাতে হাতে মোবাইল পৌঁছে দেয়া। আজকে কম খরচে কথা বলা, ইন্টারনেট চালাচ্ছে সবাই। পরীক্ষামূলকভাবে বিভিন্ন বিল অনলাইনে দেয়ার ব্যবস্থা করেছিলাম। এটির সুফলে এখন আর সিরিয়াল দিয়ে কোথাও দাঁড়িয়ে থাকতে হয় না জনগণকে।
প্রধানমন্ত্রী বলেণ, নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করায় দেশের উন্নতি হচ্ছে। আগামী নির্বাচনের ইশতেহারের স্লোগান হবে স্মার্ট বাংলাদেশ। প্রযুক্তির সুবিধার ক্ষেত্রে শহর আর গ্রামের মধ্যে বিভাজন কমিয়ে আনার তাগিদ দেন তিনি।
বাবু/এ.এস