প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৮:০৩ পিএম (ভিজিট : ১৫৩)

X
নির্বাচনি পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের যোগ্য হিসেবে প্রাথমিকভাবে দেশীয় ৬৮টি সংস্থাকে তালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব সংস্থার ব্যাপারে কারো কোনো আপত্তি ও অভিযোগ থাকলে আগামী ১৫ দিনের মধ্যে তা জানাতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। ওই গণবিজ্ঞপ্তিতে ৬৮ সংস্থার নাম-ঠিকানা তুলে ধরা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক গণবিজ্ঞপ্তিতে সই করেছেন।
জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘৬৮টি পর্যবেক্ষক সংস্থাকে প্রাথমিকভাবে সিলেক্ট করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এগুলোর ব্যাপারে আপত্তি নেওয়া হবে। এরপর তাদের পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনসমূহ যথাযথভাবে যাচাই-বাছাই শেষে এ সংক্রান্ত নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদের আলোকে নিম্নবর্ণিত ৬৮টি প্রতিষ্ঠানের বিষয়ে কারো কোন দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর লিখিতভাবে জানানোর অনুরোধ করা যাচ্ছে।
কারো বিরুদ্ধে কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তার পক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক ৬ সেট আপত্তি দাখিল করতে হবে। আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করা হবে। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য সারা দেশের ২১০টি বেসরকারি সংস্থা আবেদন করে। ইসির সাত সদস্যের একটি কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করে ৬৮টি সংস্থাকে প্রাথমিকভাবে নিবন্ধন দেওয়ার জন্য সিলেক্ট করেছে।
এতদিন ইসির পর্যবেক্ষক হিসেবে ১১৮টি সংস্থার নিবন্ধন ছিল। যাদের পাঁচ বছরের মেয়াদ গত ১১ জুলাই শেষ হয়েছে। গণবিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।
বাবু/জেএম