প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৫:২৫ পিএম (ভিজিট : ১৩৪)

X
একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন বসছে আগামী ২২ অক্টোবর। ওই দিন বিকাল চারটায় সংসদের বৈঠক শুরু হবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার সংসদ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর শেষ হয় সংসদের ২৪তম অধিবেশন। নিয়ম অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি বসতে হবে।
সংসদ সচিবালয়ের একটি সূত্র জানায়, সব ঠিক থাকলে এটিই হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ অধিবেশন।
চলতি একাদশ সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে আগামী বছরের ২৯ জানুয়ারি। সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার (২৯ জানুয়ারি) আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধবকতা রয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।
সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেয়া যাবে না। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়।
আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আর ভোট হবে জানুয়ারির শুরুতে।
বাবু/এ.এস