
তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় লাশের মিছিল বড় হচ্ছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ। তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
ধ্বংসস্তূপের পাশে ভাবি, ভাতিজা ও ভাতিজির জন্য কান্না করছেন এক কুর্দি বৃদ্ধা। তারা তিনজনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। কয়েকজন প্রতিবেশী ওই নারীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। তারা বলছেন, ‘মাত্র কয়েক মিনিট আগেই তারা একজনকে উদ্ধার করেছেন। তারা তার পরিবারের সদস্যদেরও উদ্ধার করবেন।’
তিনি বলেন, ‘ওরা নিচতলায় ঘুমিয়েছিল। আমি জানি না, তাদের কাছে কেউ পৌঁছাতে পারবে কি না। অনেক ঠান্ডা। আমার বাচ্চারা ধ্বংসস্তূপের নিচেই জমে বরফ হয়ে যাবে।’
এই মুহূর্তে তুরস্কে শৈত্যপ্রবাহের সঙ্গে বৃষ্টি হচ্ছে। ভূমিকম্প পরবর্তী আফটারশকের কারণে কেউ তাদের বাড়ির আশপাশে যেতে পারছেন না। যদিও তারা তাড়াহুড়ো করে মধ্যরাতে বাড়ি থেকে বের হয়েছেন; এখন জ্যাকেট বা জুতা আনতেও ভেতরে যেতে ভয় পাচ্ছেন।
এ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩০০ ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে এক হাজার ৫৪১ জন এবং সিরিয়ায় ৮১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাবু/এসআর