প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৫:১৯ পিএম (ভিজিট : ১৮১)

X
ভোট কারচুপির অভিযোগ এনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীকের) জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাসায় সংবাদ সম্মেলন ডেকে তিনি এ ঘোষণা দেন।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী। আ‘লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে এ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ক্রয় করেন সাবেক উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
সংবাদ সম্মেলনে ঝুমা তালুকদার বলেন, এ আসনের নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহীর কর্মীরা আজ সকাল থেকেই দুর্গাপুর উপজেলার কাকরাকান্দা,নলজোড়া,আড়াপাড়া, কুমুদগঞ্জ কলমাকান্দার সিধলী, কলমাকান্দা পাইলট স্কুল, লেঙ্গরা সহ বিভিন্ন ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়ায় এ নিবার্চন আমার কাছে যৌক্তিক মনে হয়নি। দুই উপজেলাতেই ভোট কারচুপি হয়েছে। প্রশাসনকে বারবার বলার পরও তারা আমার অভিযোগ আমলে নেয়নি। তাই আমি মনে করি,এ আসনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দুপুর দুইটা পর্যন্ত এ আসনের সকল ভোটকেন্দ্রে ২০% থেকে ২৫% ভোট কাষ্টিং হয়েছে। ভোট কাষ্টিং বাড়ানোর লক্ষে আমার এজেন্ট বের করে দিয়ে জাল ভোট দেয়ার কারনে প্রশ্নবিদ্ধ এ নিবার্চন থেকে আমি নিজেকে সরিয়ে নিয়ে নিবার্চন বর্জনের ঘোষনা দিলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী নেত্রী রীনা আক্তার, ওয়ার্ড আ‘লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুবলীগ নেতা ষ্ট্যালিন ইবনে সাঈদ প্রমুখ।