প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৬:৫৬ পিএম (ভিজিট : ২৭৯)

X
ঝালকাঠিতে উল্লেখযোগ্য কোনো অঘটন ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। বিকেল ৪টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। এরপর লিখিত ফল পাঠিয়ে দেন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে।
ভোটগ্রহণ চলাকালে বেলা ১২টায় ঝালকাঠি সদর উপজেলার পাকমোহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগে মেহেদী হাসান নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মেহেদী পাকমোহর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। এছাড়া রাজাপুর উপজেলার ভোটকেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার অভিযোগে চার নারীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। দুপুরে উপজেলার আদাখোলা মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন ৫৫ নম্বর আদাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার মিনারা বেগম, নাসিমা খানম, শাহিনুর বেগম ও আলাম তাজ। এছাড়াও রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে সুখি আক্তার নামে এক নারীকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টার্নিং কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানান, জাল ভোট দেয়ার দায়ে আটককৃতদের প্রতেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার সকাল ৮টা থেকে ঝালকাঠির দু’টি আসনে ২’শ ৩৭টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। দু’টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টিসহ ৮টি রাজনৈতীক দলের মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বীতা করেন। দু’টি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১৬৪ জন।
নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৬ টি পুলিশ মোবাইল এল্ড স্ট্রাইকিং টিম, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।