প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১০:৩৮ পিএম (ভিজিট : ২৯১)

X
নোয়াখালী-১ আসনে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে জাল ভোট, সিল মারা, পুলিং অফিসার কতৃক ব্যালটে অগ্রিম সিল মারা সহ বিভিন্ন কেন্দ্রের অনিয়মের অভিযোগে করে ডকুমেন্ট সহ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী ডাব প্রতীক আবু নাছের ওয়াহেদ ফারুক।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নিজ বাসায় ৭ জানুয়ারি রবিবার রাতে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফলাফল প্রত্যাখান করেন। তিনি সাংবাদিকদের জানান, আমাদেরকে নির্বাচন কমিশন কতৃক আশ্বস্ত করা হয়েছে, কোন কেন্দ্রে জাল ভোট পড়লে, প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করে ভোট বন্ধ সহ পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু চাটখিল সোনাইমুড়ী আসনের আমি বেশির ভাগ কেন্দ্রে গিয়ে দেখলাম জাল ভোটের মহোৎসব।
আবু নাছের ওয়াহেদ ফারুক অভিযোগ করে উদাহরণ স্বরূপ বলেন, তার বড় ছেলে মোহাম্মদ আব্দুর রহমান রাহী বর্তমানে লন্ডন আছে। কিন্তু তার আরেক ছেলে উপজেলার শ্রীনগর কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখে তার বড় ভাইয়ের ভোট গ্রহণ করা হয়েছে মর্মে সহকারী প্রিজাইডিং অফিসার নামের উপর টিক চিহ্ন দিয়ে রেখেছেন। এই বিষয়ে সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসারের নিকট জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানান এই প্রার্থী।
তিনি আরও দুঃখ প্রকাশ করে জানান, বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করে কোন ফল পাওয়া যায় নি। এছাড়াও বেশির ভাগ কেন্দ্রে গিয়েও নির্বাচন কমিশনারের আওতায় থাকা কোন ম্যাজিস্ট্রেট, বিজিবি সহ কোন ফোর্সকে চোখে পড়েনি।
এজন্য তিনি ভোটে না আসায় বিএনপি-জমায়াতকেও দায়ী করেছেন। তিনি বলেন, 'বিএনপির জামায়াত নির্বাচনে আসলে এমনটা ঘটতো না।'
এটি একটি প্রহসনের নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান করে, তিনি সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন কমিশনারের দৃষ্টি কামনা করেন।