প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ১:২৭ পিএম (ভিজিট : ২০৭)

X
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে পঞ্চমবারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে ভিত্তিতে দেখা যায়, মধুপুর উপজেলার ৩৯% ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ধনবাড়ী উপজেলায় ভোট প্রাপ্তির হার ৫৫.৫২%।
এর মধ্যে নৌকা প্রতীকের ড. রাজ্জাক মধুপুর উপজেলায় পেয়েছেন ৯০ হাজার ৫৯৪ এবং ধনবাড়ী উপজেলায় তার প্রাপ্ত ভোট ৮৩ হাজার ৫২৮। দুই উপজেলায় মিলে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১২২।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের সাবেক সংসদ সদস্য বিএনপি থেকে বহিষ্কৃত খন্দকার আনোয়ারুল হক পেয়েছেন ৪ হাজার ১৭৮ ভোট। তিনি মধুপুর উপজেলায় পেয়েছেন ১ হাজার ৮২৭ ও ধনবাড়ীতে পেয়েছেন ২ হাজার ৩৫১ ভোট। প্রাপ্ত তথ্য অনুযায়ী বেসরকারি ভাবে ড. আব্দুর রাজ্জাককে পঞ্চমবারের মতো জাতীয় সংসদের সদস্য হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।