প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৪:৫৬ পিএম আপডেট: ১৩.০১.২০২৪ ৯:১৭ পিএম (ভিজিট : ৫৪৬)

X
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে সেলফি পাঠিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী আঁখি আক্তার রুমি (২০) নামে এক গৃহবধূ। শনিবার দুপুরে স্থানীয় গাজীবাড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আঁখি আক্তার রুমি যশোর জেলার মনিরামপুর উপজেলার তেতুলিয়া গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে। তিনি স্বামীর সাথে টঙ্গীর গাজীবাড়ি পুকুর পার এলাকায় জনৈক ঈব্রাহীমের বাড়ি ভাড়া থাকতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আঁখি স্বামী সুমনের সাথে গাজীবাড়ি পুকুর পার এলাকায় বসবাস করতেন। তার স্বামী সুমন বাসার পার্শবর্তী স্থানীয় একটি সিকিউরিটি কোম্পানিতে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক কলহের জেরে শনিবার দুপুরে স্বামী সুমনের মোবাইল ফোনের ইমোতে গলায় ওড়না পেঁচিয়ে সেলফি পাঠায়। পরে 'খুশি থাক বাই' লিখে মেসেজ দেয়। মেসেজ পেয়ে দ্রুত বাসায় আসে সুমন।
এসময় বাসার দরজা বন্ধ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে সুমন। পরে তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।