গাজীপুরের টঙ্গীতে ট্রেনের সাথে গাজীপুর সিটি করপোরেশনের ড্রাম ট্রাকের ধাক্কায় নবীন (১৮) নামে এক অটোরিকসা চালক নিহত হয়েছে। রোববার রাতে টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে।
এ ঘটনার পর ঢাকা থেকে বহির্গামী রুটে প্রায় একঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।নিহত নবীন গফরগাঁও জেলার দুদু মিয়ার ছেলে। সে স্থানীয় মধূমিতা এলাকার রহমান কমিশনারের বাড়িতে ভাড়া থাকত।
স্থানীয়রা জানান, রোববার রাত ১১টা ১২মিনিটে ঢাকা হতে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের কাছাকাছি মধুমিতা রেলক্রসিং পার হওয়ার সময় রেলক্রসিংয়ের পাশে থাকা গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফালানোর একটি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লাগে।
এসময় ট্রাকটির পাশে থাকা একটি অটোরিকসাসহ চালককে টেনে-হেচড়ে কিছু দূর নেয়ার পর ট্রাকটি উলটে অটোরিকসার উপর পড়ে যায়। এতে অটোরিকসা চালক নবীনের ডান হাতের কনুই পর্যন্ত কেটে হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা থেলে মগজ রেড়িয়ে আসে। স্থানীয়রা দ্রুত চিকিৎসার জন্য তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এঘটনায় ট্রেন লাইন থেকে ড্রাম ট্রাক ও অটোরিকসা অপসারণ করা হলে প্রায় এক ঘন্টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, একটি ট্রাক রেললাইনের উপর উঠে পড়লে ট্রাকটিকে ধাক্কা দেয় ট্রেন। এতে এ দূর্ঘটনা ঘটে। কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত নবীন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এবিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।