প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৫২ পিএম আপডেট: ১৪.০২.২০২৪ ৫:৫৯ পিএম (ভিজিট : ১৩১৭)

X
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বহুল পরিচিত অন্যতম প্রাচীন প্রাণহরি দাশ সড়কের নাম রাতারাতি পাল্টে লোহারপুল সড়ক করায় স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। এই জনপদের তৎকালীন জমিদার ও জনহিতৈষী, দানবীর ব্যক্তিত্ব প্রাণহরি দাশের নিজ উদ্যোগে নির্মিত সড়কটি থেকে তারই নাম বাদ দেয়ায় সংখ্যা লঘু সম্প্রদায়ের মাঝে দেখা দিচ্ছে বিরূপ প্রতিক্রিয়া। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলছে, শুধুমাত্র প্রকল্প বাস্তবায়নের জন্যেই এই নাম করণ৷ সংষ্কার কাজ শেষ হলেই সড়কটি ফিরবে আদী নামে।
বিভিন্ন দলিল অনুসন্ধান করে জানা যায়, দক্ষিণ কাট্টলীর বারুণী স্নান ঘাট থেকে পাহাড়তলী বাজার পর্যন্ত সুদীর্ঘ সড়কটি “প্রাণহরি দাশ সড়ক” নামেই প্রাচীনকাল থেকে সুপরিচিত। দক্ষিণ কাট্টলীর স্বনামধন্য জমিদার প্রাণহরি দাশ ঊনবিংশ শতাব্দীর শুরুতে এলাকার জনগণের যাতায়াত ও মালামাল পরিবহনের সুবিধার স্বার্থে তাঁর নিজ উদ্যোগে এই সড়কটি নির্মাণ করেন। আর এস, পিএস এমনকি বিএস সিটেও সড়কটি প্রাণ হরিদাশ সড়ক নামেই উল্লেখ আছে। অথচ সম্প্রতি সংস্কারের পর উদ্বোধনী ফলকে সেই নাম পরিবর্তন করে "লোহার পুল" উল্লেখ করা হয় যা স্বয়ং চসিক মেয়র এম রেজাউল করিম উদ্বোধন করেন। একই উদ্বোধনী ফলকে স্থানীয় ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মোঃ ইসমাইল ও সংরক্ষিত নারী কাউন্সিলর হুরে আরা বেগমের নাম শোভা পাচ্ছে।
স্থানীয়রা জানান, এই সড়কটির দালিলিক নাম প্রাণহরি দাশ সড়ক৷ তবে অনেকের কাছে লোহার পুল রোড হিসেবে প্রচলিত৷ প্রচলিত নাম যা-ই থাকুক যখন কোন ফলক স্থাপন করা হয় সেক্ষেত্রে দালিলিক নামটিই ব্যবহার হয়। অথচ প্রাণহরি দাশ সড়কের সংস্কার প্রকল্পে এই রোডটির নাম পরিবর্তন করে “লোহারপুল মেইন রোড়” নামকরণ করা হয়েছে৷ একাধিক সংখ্যালঘু বাসিন্দা আক্ষেপ করে বলেন, প্রাণহরি দাশ জমিদার এই এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন যা সংক্ষেপে পি.এইচ নামে উল্লেখ করা হয়৷ এখন আশংকা করছি প্রাণহরি দাশের নির্মিত সড়ক থেকে তার আস্ত নামটাই না মুছে ফেলা হয়৷ এমটা হলে সেটি সংখ্যালঘু সম্প্রদায়ের ভাব আবেগে আঘাত করার শামিল হবে।
জমিদার প্রাণহরি দাশের পরিবারের সদস্য প্রকৌশলী বাসুদেব দাশ বাংলাদেশ বুলেটিনকে বলেন, আমরা এই অপতৎপরতার দ্রুত সমাধান চাই। ইতিমধ্যে ঊনবিংশ শতাব্দীর প্রাচীনতম এই সড়কটির নামকরণ “প্রাণহরি দাশ সড়ক” নামে পুনঃ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, চট্টগ্রাম ১০ আসনের মাননীয় এমপি মহোদয়, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও চসিক ১০ সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর বরাবর লিখিত আবেদন পেশ করেছি। কিন্তু এখন অবধি কোন সঠিক সমাধান পাইনি।
তবে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মোঃ ইসমাইল বাংলাদেশ বুলেটিনকে জানিয়েছেন, সড়কটির নাম প্রাণহরি দাশ সড়কই আছে৷ মন্ত্রণালয় থেকে সড়কের নামে প্রকল্প পাস করাতে কৌশলগত কারণে প্রকল্পের নাম লোহারপুল মেইন রোড় দেখানো হয়েছে৷ তিনি বলেন, প্রাণহরি দাশ সড়কটি অনেক দীর্ঘ৷ কয়েকটি ভাগে সড়কের বিভিন্ন অংশ সংস্কার করা হয়েছে৷ একই নামে বারবার প্রকল্প গেলে সেই প্রকল্প পাশে জটিলতা সৃষ্টি হয় তাই শুধুমাত্র প্রকল্পের নাম হিসেবে লোহার পুল মেইন রোড় উল্লেখ করা হয়েছে৷ সড়কের কার্পেটিং কাজ শেষ হয়ে গেলেই সড়কটি প্রাণহরি দাশ সড়ক হিসেবেই বিদ্যমান থাকবে।