প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫৬ পিএম (ভিজিট : ১৬৮)

X
নেত্রকোনার কেন্দুয়ায় গত বুধবার দিনগত রাত ১১টার দিকে দুই অটোরিকশা, দুই বাইসাইকেল, ডিজিটাল পরিমাপক যন্ত্র, বিপুল পরিমাণ স্টেশনারি সামগ্রীসহ সংঘবদ্ধ চোর চক্রের হোতা আনোয়ার হোসেন (৩২) নামে এক চোর উপজেলার বলাইশিমুল ইউনিয়নে নোয়াদিয়া গ্রামের তার বাড়ি থেকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
আনোয়ার হোসেন বলাইশিমুল ইউনিয়নে নোয়াদিয়া গ্রামের আছিম উদ্দিনের ছেলে। থানা পুলিশ ধৃত চোরের বিরুদ্ধে মামলা রুজু করে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন কেন্দুয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে থানা প্রাঙ্গনে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক পিপিএম এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।
প্রেসব্রিফিংয়ে ওসি বলেন, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সংঘবন্ধ চোর চক্রের অন্যতম সদস্য । সে সহ তার সহযোগী অজ্ঞাতনামা চোর বা চোরদের সহায়তায় কেন্দুয়া থানা বিভিন্ন এলাকায় চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। গত ৩ ফেব্রুয়ারি রাত ৯ টা থেকে পরদিন সকাল ৬টার মধ্যে যেকোনো সময় নোয়াদিয়া একতা উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার পাশে থাকা স্থানীয় আব্দুল আউয়ালের মনোহারী দোকান থেকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
পরে ভুক্তভোগী আব্দুল আউয়ালের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এবং পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত শুরু করা হয়। এঅবস্থায় থানা পুলিশ বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে চোর চক্রের হোতা আনোয়ারকে গ্রেফতার করা হয়। একই সাথে চোরাই মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৫৬ হাজার ৪৭০ টাকা।
ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং রিমান্ড আবেদন করে বৃহস্পতিবার দুপুরেই গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের জন্যও চেষ্টা চলছে।