প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫৬ পিএম (ভিজিট : ২৫৮)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদ্রাসা শিক্ষক আব্দুল হক (৬৫) এর পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। এ ঘটনায় স্বামী-স্ত্রী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- সার পলশিয়া গ্রামের আব্দুল বারেক ও স্ত্রী জয়নব এবং একই গ্রামের সবুরের ছেলে ফারুক।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সার পলশিয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি উপজেলার পলশিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও সার পলশিয়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে একই গ্রামের মোঃ বারেকের স্ত্রী পাওনা টাকা দেয়ার জন্য ফোন করে তার বাড়িতে ডেকে নেয়। রাতে বাড়িতে না ফিরলে শুক্রবার সকালে ভূঞাপুর থানায় নিখোঁজের একটি অভিযোগ দেয় নিহতের স্ত্রী আয়শা খাতুন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনের কথামত জয়নবের বাড়ি গেলে তার বাড়ির আঙ্গিনায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় মরদেহ উদ্ধার করে ভূঞাপুর থানায় নিয়ে যায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে, আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনার সাথে জড়িত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।