বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। শুক্রবার (০১ মার্চ) বেলা ১১টায় পুলিশ সভা না করার জন্য নিষেধ করে।
গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, মিথ্যা ও হয়রানি মূলক রাজনৈতিক মামলায় সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনার অনুষ্ঠানটি একাধিকবার স্থান পরিবর্তন করে আমার নিজ বাড়িতে আয়োজন করার পরও পুলিশ বাধা দিয়ে সংবর্ধনা পন্ড করে দেয়। এসময় মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মোল্লা অনুষ্ঠানে উপস্থিত হয়ে একজন সাংবাদিকের মুঠোফোনসহ কয়েকজন বিএনপি নেতাকর্মীর মুঠোফোন কেড়ে নেয়। পরে ওই সাংবাদিকসহ বিএনপি’র নেতাকর্মীদের মুঠোফোন ফেরত দিলেও একজন বিএনপি কর্মীর মুঠোফোন এখনো ফেরত দেননি বলে জানান আয়োজক কমিটি।
সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান শুরুর কিছুক্ষন পর ওই পুলিশ সদস্যর নেতৃত্বে অনুষ্ঠানে বাধা দেওয়া হয়। উপস্থিত নেতাকর্মীরা পুলিশের সামনে অনুষ্ঠানে অবস্থান করলে একপর্যায়ে পুলিশ তাদেরকে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য করেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপির মুক্তি পাওয়া কারা নির্যাতিত নেতাকর্মীদেরকে পারিবারিক পরিবেশে শান্তিপূর্ণ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল নেতাকর্মীরা। পারিবারিক পরিবেশেও পুলিশ বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। বর্তমান সরকার অনেক আগেই গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধার মাধ্যমে প্রমাণ হলো এদেশে বিএনপির নেতাকর্মীদের পারিবারিক পরিবেশেও বসার অধিকার হরণ করে নিয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড. শহিদুজ্জামান, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, শ্রীপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র যুগ্ম-সম্পাদক মশিউর রহমান খান টিটু, যুবদল নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বিএনপি নেতা এবিএম হাসান, শাহজাহান মোড়ল, শশ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল বেপারী, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম সরকারসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মোল্লা বলেন, সাংবাদিকের সাথে ঝামেলা করার কোনো উদ্দেশ্যে আমার না। তাছাড়া সাংবাদিকেরা সকলেই আমারসহ পুলিশের বন্ধু। পরিচয় না দেওয়া এবং চিনতে না পারার কারণে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। তবে বিএনপির কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনার আয়োজন খবর পেয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।