প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৬:১৯ পিএম (ভিজিট : ২২৯)

X
এই বাংলাদেশে যত মানুষ রয়েছে তার মধ্যে বঙ্গবন্ধুর যে ভক্ত রয়েছে, তাদের মধ্যে আমি বঙ্গবন্ধুর এক নম্বর ভক্ত ও অনুসারী। শুধু বঙ্গবন্ধুর কথায় যুদ্ধ করিনি। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর সবাই যখন ইঁদুরের গর্তে ঢুকেছিল ঠিক সেই সময় আমি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি।
এসব কথা "কাদেরিয়া বাহিনীর ২৭ নং হিরো কোম্পানি' ৭১ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে কাদেরিয়া বাহিনীর প্রধান ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন।
তিনি বলেন, আগে ৬ষ্ঠ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে কাদেরিয়া বাহিনী ও কাদের সিদ্দিকী সম্পর্কে পড়ানো হতো। বর্তমান সরকার ক্ষমতায় এসে সকল পাঠ্য বই হতে আমার নাম বাদ দিয়েছেন। এটা কি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দলের শোভা পায়? পরবর্তী প্রজন্ম কি শিখবে? তিনি আরো বলেন- আমি গত জাতীয় সংসদ নির্বাচনে সখিপুর-বাসাইল থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলাম। কিন্তু শাহজাহানের ছেলে জয় এর কাছে হেরেছি। এটা আমার একার হার নয়, এটা সকল মুক্তিযোদ্ধাদের হার।
শনিবার (২ মার্চ) সকালে প্রকাশনা উৎসব উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা মির্জা মোঃ এছহাক সম্পাদিত "কাদেরিয়া বাহিনীর ২৭ নং হিরো কোম্পানি' ৭১ নামক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকীম বীর প্রতীকের সভাপতিত্বে সাবেক যুগ্ম সচিব শফিকুল ইসলাম, বিশিষ্ট লেখক মির্জা মহীউদ্দিন আহমেদ, বিশিষ্ট লেখক ও গবেষক মামুন তরফদার, শিশু সংগঠক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, প্রকাশনা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মির্জা মোঃ এছহাক, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ জাহিদ শামস (হুমায়ুন)।