প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৫:৫৯ পিএম (ভিজিট : ১৫০)

X
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। ইভিএম পদ্ধতিতে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ১২৮টি কেন্দ্রে টানা ভোট গ্রহন সম্পন্ন হয়।
দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সকাল থেকে কোন কোন কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনের প্রক্রিয়ায় ধীর গতি ও আঙ্গুলের ছাপ না মেলা নিয়ে কিছুটা জটিলা দেখা দেয়া এবং দু’একটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে সাময়িক উত্তেজনা, তর্ক-বিকর্ত, অভিযোগ-পাল্টা অভিযোগের মতো বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোট গ্রহনকালীন কোন বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইতিহাসে এবার দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভিন্ন পদ মিলিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ২২২ জন। এরমধ্যে, মেয়র পদে ৫ প্রার্থী ছাড়াও নগরীর ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৬৯ জন। নগরীর ১১ নম্বর ওয়ার্ডে ফরহাদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কাউন্সিলর পদে ৩২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল থেকে কেন্দ্রগুলো উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের উপস্থিতি চোখে পড়েছে। কোন কোন কেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থি ছিল। সাম্প্রতিক কালে দেশের বিভিন্ন স্থানের অনুষ্ঠিত সকল নির্বাচনের চেয়ে ময়মনসিংহ সিটির ভোটের চিত্র ছিল ভিন্ন। এখানে নির্বাচনের শুরু থেকেই পরিবেশ ছিল শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। ভোটের দিনেও ভোটারদের মাঝে উৎসবের আমেজ লক্ষ করা গেছে।
সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র্যাব, পুলিশ, এপিবিএন, আনসার ব্যাটালিয়ন, সাধারণ আনসার মিলে ৪ হাজার ৫০০ জন দায়িত্ব পালন করেন। পাশাপাশি ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে ছিলেন। সাধারণ ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার মিলে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ জন আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
সিটি নির্বাচনে মোট ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়। নগরীর বিভিন্ন ভোটকেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোটারগণ ভোট প্রদান করেন। ভোটদান শেষে ভোটারগণ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।