প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৪:৪৮ পিএম (ভিজিট : ৩০৬)

X
নড়াইলে ২টি স্মার্ট মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল ফোন, ৮টি সিমসহ অনলাইন প্রতারক চক্রের মূল হোতা মোঃ রাব্বি শেখ (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ মার্চ) খুলনা মহানগর খালিশপুর থানার বড় বয়রা থেকে গ্রেফতার করা হয়।
প্রতারক চক্রের মূল হোতা রাব্বি শেখ জেলার কালিয়া থানার খড়রিয়া গ্রামের মোঃ ইমরান শেখের ছেলে। সোমবার (১১ মার্চ) সকালে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাব্বি শেখ নামে একজন অনলাইন প্রতারক Onlion Mobile Market BD নামক ফেসবুক পেইজ খুলে দীর্ঘদিন যাবত উক্ত ফেইসবুজ পেজে বিভিন্ন প্রকার মোবাইল ফোনের বিজ্ঞাপণ দিয়ে সাধারণ লোকজনদের আকৃষ্ট করতো। নড়াইলের নাসির শেখ নামে এক ব্যক্তি তার ব্যবহৃত ফেসবুকে মোবাইল ফোন বিক্রয়ের বিজ্ঞাপণ দেখে প্রতিটি ৩৮০০০ হাজার টাকা মূল্যের দুইটি Vivo V27e স্মার্ট মোবাইল ফোন ক্রয়ের জন্য তাদের পেইজে দেওয়া মোবাইল নাম্বারে কল করেন। প্রতারক রাব্বি শেখ Onlion Mobile Market BD এর ম্যানেজার পরিচয় দিয়ে নাসির শেখকে জানায় মোবাইল ফোন নিতে হলে তার নাম-ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে হবে এবং কুরিয়ার খরচ বাবদ বিকাশে ৫১০ টাকা অগ্রিম প্রদান করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ডেলিভারীম্যান যখন মোবাইল ফোন ডেলিভারী দিবে তখন বাকি ৭৫হাজার ৫০০ টাকা ডেলিভারীম্যানের কাছে হাতে হাতে পরিশোধ করতে হবে। গত বছরের ২৪ ডিসেম্বর নাসির শেখ প্রতারক চক্রের দেওয়া বিকাশ হিসাব নাম্বারে ৫১০ টাকা অগ্রিম প্রদান করে।
পরের দিন ২৫ ডিসেম্বর ডেলিভারীম্যান পরিচয় দিয়ে অজ্ঞাতনামা অন্য সহযোগী নাসির শেখের মোবাইল নাম্বারে কল করে জানায় তার অর্ডার করা মোবাইল ফোন নিয়ে লোহাগড়া লক্ষীপাশা বাস কাউন্টারে দাঁড়িয়ে আছে। মোবাইল নিতে হলে তাদের অফিসের বিকাশ নাম্বারে আরো ৩ হাজার ৫০০টাকা পাঠাতে হবে। তার কথামতো নাসির শেখ প্রতারক চক্রের বিকাশ নাম্বারে ৩ হাজার ৫০০ টাকা প্রদান করে। অল্প কিছুক্ষণ পরে তারা নাসির শেখকে কল করে জানায় তাকে ফোনের কান্ট্রিলক খুলতে হবে এজন্য এখনই ৪২ হাজার ২৬০ টাকা পাঠাতে হবে। নাসির শেখ তাদের কথামতো একই তারিখে ৪২ হাজার ২৬০ টাকা প্রদান করে।
টাকা দেওয়ার কিছুক্ষণ পরে অন্য একজন অজ্ঞাতনামা প্রতারক Onlion Mobile Market BD এমডি পরিচয় দিয়ে তাকে বলে তাদের ডেলিভারীম্যান তার অর্ডার করা মোবাইল ফোন নিয়ে বাসার কাছাকাছি চলে গেছে। এখন মোবাইল পেতে আরো ১৯ হাজার ৯৩৫ টাকা পাঠাতে হবে। তার কথামতো নাসির শেখ উক্ত টাকা প্রদান করে। এভাবে টাকা প্রদান করার পরও প্রতারক চক্র ভুক্তভোগী নাসির শেখকে কোন মোবাইল ফোন ডেলিভারী না দেওয়ায় তিনি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা তার মোবাইলের কল কেটে দেয়। ভুক্তভোগী নাসির শেখ Online Mobile Market BD ফেসবুক পেইজের ম্যাসেঞ্জারে কল করলে সেখান থেকে অজ্ঞাতনামা অন্য এক প্রতারক তাকে জানায় তাদের স্টক শেষ হয়ে যাওয়ায় তারা মোবাইল ডেলিভারী দিতে পারছে না। ১৫ ফেব্রুয়ারি নতুন স্টক আসতে সময় লাগবে। ১৬ ফেব্রুয়ারি তার অর্ডার করা মোবাইল ফোন তাকে ডেলিভারী দিবে। নাসির শেখ তাদের কথামত ১৬ ফেব্রুয়ারি তাদের দেওয়া সকল মোবাইল নাম্বারে কল করে কিন্তু প্রতারক চক্র তাদের সকল মোবাইল নাম্বার এবং তাদের পেইজের ম্যাসেঞ্জারও বন্ধ করে রাখে।
এরপর ৫ মার্চ নাসির শেখ নড়াইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে প্রতারণা মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আলী হোসেন মামলাটি তদন্তকালে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মোঃ শাহ্ দারা খান এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের মূল হোতা মোঃ রাব্বি শেখকে ১০ মার্চ রবিবার সকাল ৬ টা ৪০ মিনিটের দিকে খুলনা মহানগর খালিশপুর থানার বড় বয়রা মধ্যপাড়া থেকে তাকে গ্রেফতার করে।
এসময় তার হেফাজত হতে অপরাধকল্পে ব্যবহৃত আলামত ২টি স্মার্ট মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানীর সর্বমোট ৮টি অন্যের নামে নিবন্ধিত ব্লাক সিম উদ্ধারপূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আসামি বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।