প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ২:৫৩ পিএম (ভিজিট : ২৪৫)

X
লক্ষ্মীপুর সদর উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হিসেবে ধারণা করছেন ইউপি সদস্য প্রার্থী মো. স্বপন ভূঁইয়া (মোরগ প্রতীক)। ফলে ভোট গ্রহণের দিন ওই কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তিনি।
ভোট কেন্দ্রটি পূর্ব ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৭৭২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩২৬ ও পুরুষ ভোটার ১৪৫১ জন।
আগামী ২৮ এপ্রিল তেওয়ারীগঞ্জসহ ৫ টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তেওয়ারীগঞ্জের ২ নম্বর ওয়ার্ডে স্বপন ভূঁইয়াসহ প্রার্থী হয়েছে মোট চারজন৷ এদের মধ্যে পাখা প্রতীকে আহম্মেদ নাঈম জিকু, পানির কল প্রতীকে আবদুল্লাহ আল মামুন ও ফুটবল প্রতীকে হারুনুর রশিদ প্রতিদ্বন্দ্বীতা করছেন।
মোগর প্রতীকে স্বপন ভূঁইয়া বলেন, ভোটের মাঠে আমার অবস্থা ভালোর দিকে। ভোটাররাও আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশাবাদী। কিন্তু আমার ওয়ার্ডের ভোট কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। পাখা প্রতীকের প্রার্থীর বাড়ির সামনে ভোটকেন্দ্রটি। ওই প্রার্থী ভোট গ্রহণের দিন প্রভাব বিস্তার করতে পারে। এতে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে আমি শঙ্কিত। আমার ভোটাররাও নির্বিঘ্নে ভোট প্রদানে শঙ্কা প্রকাশ করছে। তাই ভোটের পরিবেশ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে ভোটের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।
স্থানীয় ভোটারাও চাচ্ছেন- নির্ভিঘ্নে তারা যেন ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
তেওয়ারীগঞ্জ ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা ও রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক বলেন, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা তৈরী করে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটাররা যাতে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট প্রদান করতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা করা প্রয়োজন, তাই করবে।