প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১১:৩২ এএম (ভিজিট : ১৪৭)

X
টাঙ্গাইলের ঘাটাইলে মেয়েকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একাব্বর আলী (৬৫) নামের এক বৃদ্ধ বাবা। পিতাকে হারিয়ে মেয়ের পরিবারে এখন আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে।
গতকাল রবিবার (২৮ এপ্রিল) সন্ধা সাড়ে ৬ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত একাব্বর আলী কালিহাতি উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়া গ্রামের মৃত মোনতাজ আলী ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একাব্বর আলীর মেয়ে ঘাটাইল উপজেলার শাহপুর মোড়ে বাসা ভাড়া নিয়ে থাকেন। মেয়েকে দেখতে এসেছিল তিনি। মাগরিবের নামাজ পড়তে ও নাতিদের জন্য আপেল কমলা কিনতে বাসা থেকে বের হন তিনি। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় মধুপুরগামী প্রান্তিক বাস তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতরভাবে আঘাত পেলে স্থানীয় লোকজন উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, বাসটিকে আটক করা হয়েছে। চালক হেলপার পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।