প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৬:৩৪ পিএম (ভিজিট : ২৫২)

X
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দিপু মনি বলেছেন, হাওয়া ভবন ও খোয়াব ভবনের নীল নকসা বাস্তবায়ন করতে শহীদ আহসান উল্লাহ মাষ্টারকে পরিকল্পিত ভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয় স্বাধীনতার পক্ষের শক্তিকে নির্মূল করতে সারা দেশে আওয়ামী লীগের জনপ্রিয় অনেক নেতাকর্মীদের হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) দুপুরে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের ২০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২০০১ সালে বিএনপি জামায়েত জোট ক্ষমতায় আসার পর থেকে দেশব্যাপী হত্যা নৈরাজ্যের রাজনীতি কায়েম করে। ২০০৪ সালের ৭ মে শহীদ আহসান উল্লাহ মাষ্টারকে হত্যা করা হয়। একই বছর ২১ আগষ্ট বাংলাদেশের ইতিহাসের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে জনসভায় গ্রেনেড হামলা করা হয়।
এ সময় সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও আইভি রহমানসহ প্রান হারান আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী। শহীদ আহসান উল্লাহ মাষ্টার হত্যা মামলার রায় হলেও আপিলের কারনে উচ্চ আদালতে মামলাটি এখনো চলমান আছে। এই দীর্ঘসুত্রতা তার পরিবার তথা স্ত্রী সন্তান বাবা মায়ের জন্য খুব কষ্টদায়ক। আমরা আইনের শাসনে বিশ্বাস করি তাই আশা করি তারা সঠিক বিচার পাবেন।
টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে ও ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরুর সঞ্চালনায় শোক সভায় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর ২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমূখ।