প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ১১:০০ এএম (ভিজিট : ১৮৭)

X
কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রথম ধাপে টাঙ্গাইলের মধুপুর এবং ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
বুধবার সকাল ৮টার থেকে শুরু হওয়া ভোট গ্রহণ একটানা বিকেলে ৪টা পর্যন্ত চলবে। বৃষ্টির কারণে ভোট গ্রহণের শুরুতেই ভোটার উপস্থিত কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে। নির্বাচনে মধুপুর এবং ধনবাড়ী দুই উপজেলায় ১৫১টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ১৭ হাজার ৮০৬ জন। দুই উপজেলায় ৮জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে ৫ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ধনবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধনবাড়ী উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৮৮ জন। ৬১টি ভোট কেন্দ্র ও ৪২৯টি ভোট কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মধুপুর উপজেলায় ৩ জন চেয়াম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ২১৮ জন। ৯০টি ভোট কেন্দ্র ও ৬০৪টি ভোট কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।