প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ২:৪৪ পিএম (ভিজিট : ৫৯২)

X
উপজেলা নির্বাচনে ভোট চলাকালীন ব্যালট পেপার বাইরে পাঠানোর অভিযোগে বগুড়ার গাবতলীতে রামেশ্বরপুর ইউনিয়নের একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। আজ বুধবার মাঝপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান হোসেন এবং আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবির পোলিং এজেন্ট ইমদাদুল হক।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান ও আনারস প্রতীকের এজেন্ট ইমদাদুল মিলে চেয়ারম্যান প্রার্থীর তিনশ, ভাইস চেয়ারম্যান প্রার্থীর তিনশ ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর তিনশ ব্যালট পেপার নিয়ে বাইরে আসেন এবং সিল মারেন।
তিনি আরও বলেন, প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী ৯০০ ব্যালট পেপার স্বাক্ষর ও সিলসহ এজেন্ট এরশাদ আলীর মাধ্যমে কেন্দ্রের বাইরে পাঠায়। এরপর বিভিন্ন ভোটারের মাধ্যমে ৩০০ ব্যালট বক্সে ফেলানো হয়। পরবর্তীতে এরশাদকে আটক করে ৬০০ ব্যালট উদ্ধার করা হয়। পরে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আরও ৯০০ ব্যালটের মুড়ি উদ্ধার করা হয়৷