প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ১২:৩৪ পিএম আপডেট: ২৯.০৫.২০২৪ ১২:৪২ পিএম (ভিজিট : ৩৯৫)

X
নেত্রকোনার পূর্বধলায় ২ বছরের জীবিত শিশুসহ অজ্ঞাত পরিচয় (২৮) এক নারীর লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ।
বুধবার (২৯ মে) সকালে উপজেলার বিশকাকুনী ইউপির কাছিয়াকান্দা গ্রামে কাঁচারাস্তার উপর থেকে শিশু ও অজ্ঞাত নারীকে উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশকাকুনী ইউপির কাছিয়াকান্দা গ্রামের উত্তরপাড়ার কাঁচা রাস্তার উপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে শিশুটিকে জীবিত দেখতে পেয়ে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, জীবিত শিশু ও অজ্ঞাত পরিচয়হীন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।