প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৩:৩৩ পিএম আপডেট: ৩০.০৫.২০২৪ ৯:১০ পিএম (ভিজিট : ১৫৫)

X
লক্ষ্মীপুরে ২ লাখ ৯৯ হাজার ৯৯৩ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ২০৮ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৬৪ হাজার ৭৮৫ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামী ১ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১৪৮০ টি স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করবে জেলা সিভিল সার্জন কার্যালয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে গণমাধ্যম কর্মীদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সতেন্দ্র চন্দ্র পাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের কনসালটেন্ট ডাঃ মো. মোরশেদ আলম হিরু।
ডাঃ মো. মোরশেদ আলম হিরু জানান, জেলার ৫ টি উপজেলা এবং লক্ষ্মীপুর পৌরসভার ৫টি স্থায়ী ও ১৪৭৪টি অস্থায়ী কেন্দ্রে ২২২ জন স্বাস্থ্যকর্মী, ২১৬ জন এফ ডব্লিউএ, ১৮০ জন সিএইচ সিপি, ২৯৬০ জন সুপারভাইজার ও ১ম সারির ১৯৪ জন সুপারভাইজার নিয়োজিত থাকবে। জেলাতে মোট ২ লাখ ৯৯ হাজার ৯৯৩ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে আগত শিশুদের অভিভাবকদের মাঝে পুষ্টিবার্তা প্রচার করা হবে। কোন শিশু যাতে ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সে জন্য রেল স্টেশন, বাস টার্মিনাল, ফেরীঘাট, লঞ্চঘাটে ক্যাম্প বসানো হবে। এছাড়া আগামী ১ মে'র পরেও যদি কোন শিশু বাদ পড়ে, তাদের জন্য পরবর্তী চারদিন ক্যাপসুল খাওয়ানোর সুযোগ রাখা হবে।