
X
বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, গত দেড়দশকে বাংলাদেশ নৌবাহিনীতে উল্লেখযোগ্য যুদ্ধহাজার হেলিকপ্টার, সাবমেরিনসহ আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে।
যারফলে বিস্তৃর্ন সমুদ্র অঞ্চলে সার্বভৌমত্ব ও সার্বিক নিরাপত্তাসহ সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এসব কারণেই বাংলাদেশ নৌ বাহিনী এখন আধুনিক সক্ষম ত্রি-মাত্রিক নৌবাহিনীতে পরিনত হয়েছে।
শনিবার সকালে পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শেরে-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর ২০২৪ সালের এ ব্যাচের ৪৩৮ জন নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌবাহিনী প্রধান তাঁর ভাষণে, উন্নয়নের অগ্রযাত্রায় ‘স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নৌবাহিনী' গঠনে নবীন নাবিকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় হতে প্রাপ্ত সামরিক প্রশিক্ষণ কাজে লাগিয়ে স্মার্ট নাবিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। দেশের জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
কুচকাওয়াজ শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। নৌবাহিনীর এ/২০২৪ ব্যাচের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে সেরা চৌকশ নাবিককে 'নৌপ্রধান পদক' 'কমখুল পদক', 'শের-ই-বাংলা পদক' এবং 'প্রীতিলতা ওয়াদেদ্দার পদক' প্রদান করেন।
এরআগে নবীন নাবিকরা জাতীয় পতাকা আকড়ে ধরে দেশের সংবিধান ও সার্বভৌমত্বের সুরক্ষা এবং রাষ্ট্রপতির প্রতি আনুগত্য পোষণের শপথ গ্রহণ করেন।
শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বানৌজা শের- ই-বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালী এর উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানটি উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলে বহুদিন যাবৎ মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে অভাব ছিল তা আজ পূরণ হতে যাচ্ছে। বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির মনোরম পরিবেশে অবস্থিত এ প্রতিষ্ঠানে সর্বোচ্চ শৃঙ্খলাবোধ, সময় উপযোগী শিক্ষা ব্যবস্থা ও দক্ষ শিক্ষকের নিবিড় সান্নিধ্যে ছাত্র-ছাত্রীরা শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে। অত্যাধুনিক এ শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে কম্পিউটার ল্যাব, প্রশস্থ খেলার মাঠ, মাল্টিমিডিয়া ক্লাস রুম, লাইব্রেরি, বিএনসিসি কার্যক্রম, নৌ স্কাউট, ক্যান্টিন এবং নিজস্ব পরিবহণ ব্যবস্থা। বাংলাদেশ নৌবাহিনীর এমন কল্যাণকর উদ্যোগে স্থানীয় জনগণ অত্যন্ত আনন্দিত। তারা মনে করেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী নৌপ্রধান খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়াা কমান্ডার এবং পটুয়াাখালী-১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।