প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ১০:৪২ এএম (ভিজিট : ৭৫৪)

X
শেরপুর সদর উপজেলায় বিয়ের প্রলোভনে হিন্দু তরুণীকে দীর্ঘদিন ধরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে রঞ্জন সাহা (২৬)নামের এক যুবকের বিরুদ্ধে।
৬ জুন বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি পিটিশন দাখিল করেছেন। অভিযুক্ত রঞ্জন সাহা শহরের সজবরখিলা এলাকার দিলীপ চন্দ্র সাহার ছেলে।
মামলার সূত্রে জানা যায়, আসামি রঞ্জন সাহা ভুক্তভোগীর বাড়ীর পাশে খোয়ার পাড় এলাকার চন্দন রাইছ মিলে ম্যানেজার হিসেবে চাকুরী করে। গত ১বছর ধরে ওই তরুনীকে রঞ্জন সাহা নানাভাবে কু-প্রস্তাব ও উত্যক্ত করে আসছিলো। তরুনী বিষয়টি তার ভাই রতন চন্দ্র বর্মনকে জানালে তার ভাই রঞ্জন সাহা ও তার পরিবারকে জানালে ঘটনাটি আমলে নেয়নি ।
গত ২জুন দুপুর ২টার দিকে তরুনীর ঘরে ঢুকে অভিযুক্ত রঞ্জন সাহা তরুনীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ওইসময় সেখানে ধস্তাধস্তির শব্দ পেয়ে তরুনীর বৌদি ঘরে ঢুকে ডাক চিৎকার করলে আসামী রঞ্জন সাহা দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই আসামী রঞ্জন সাহা এবিষয়ে মামলা করলে তরুনীসহ তার পরিবারকে খুন করা সহ নানা হুমকি দিচ্ছে।
ভুক্তভোগীর ভাই রতন চন্দ্র বর্মন বলেন, রঞ্জন সাহা দীর্ঘদিন ধরে আমার ছোট বোনকে নানা সময় কু-প্রস্তাব দিলে আমার বোন আমাকে জানায়। পরে আমি রঞ্জন সাহা সহ তার পরিবারকে বিষয়টি জানালে আমলে নেয়নি । উল্টো গত কয়েকদিন আগে আমার বোনকে জোরপূর্বক ধর্ষণ করলে তার বিচার চেয়ে সে বাদী হয়ে আদালতে মামলা করেছে।
স্থানীয় এলাকাবাসী শিমুল জানান, ইতিপূর্বে এঘটনায় রঞ্জন সাহার বিরুদ্ধে একাধিক শালিস বৈঠক হলেও কোন সুরাহা পায়নি ভুক্তভোগী। এঘটনায় বিচার পেতে আদালতের দ্বারে দ্বারে ঘুরছে ওই নারী।
অভিযুক্ত রঞ্জন সাহার সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। এব্যাপারে তার বাবা দিলিপ চন্দ্র সাহা বলেন, আমার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটি সঠিক নয়।