
X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্র-জনতার উপর জুয়ারিদের হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলন, আখাউড়ার উদ্যোগে শনিবার(১৭ আগস্ট)বিকালে পৌরশহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠ থেকে কয়েক শত ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল বের করে শহরের সড়ক বাজার ঘুরে ষ্টেশন রোডে সমাবেশ করে।
ছাত্র প্রতিনিধি শাহরীয়ার হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাদ্দাম হোসেন, আক্কাছ মীর, ছাত্রী মাইশা, কাজী সামী, রিফাত, নিশাত, সজীব ও আইমান বেগ প্রমুখ।
বক্তারা বলেন, পৌরশহরের খড়মপুর এলাকায় জুয়া খেলায় বাঁধা দেওয়ায় ছাত্র-জনতার উপর সন্ত্রাসী হামলা করে জুয়ারিরা। হামলায় বেশ কয়েকজন আহত হয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ঘটনায় জড়িতদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
বক্তারা অভিযোগ করে বলেন, খড়মপুর মাজার এলাকায় মাদক ও জুয়ার আড্ডা হয়। এসব অসামাজিক কাজ বন্ধে প্রশাসনসহ মাজার কমিটিরও দায়িত্ব রয়েছে। কিন্তু তারা সেটি করেনি।
বক্তারা আরও বলেন, মাদক, জুয়াসহ সকল প্রকার অনিয়ম প্রতিরোধে ছাত্র সমাজ সোচ্চার থাকবে। সুন্দর আখাউড়া গড়তে বক্তারা সকলের সহযোগিতা কামনা করে।
সবশেষে, ছাত্র প্রতিনিধি শাহরীয়ার হাসান প্রশাসনের উদ্দেশ্যে ৮ দফা দাবী উপস্থাপন করেন। এসব দাবীর মধ্যে রয়েছে- ছাত্র-জনতার উপর হামলাকারীদে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ, মাজারসহ অন্যান্য এলাকা থেকে মাদক, জুয়াসহ সকল প্রকার অসামাজিক কাজ বন্ধ করা, ছাত্রীদের নিরাপত্তা ও ইভটিজিং বন্ধ করা, রাজনৈতিক বিবেচনায় গঠিত শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা ইত্যাদি।
গত বৃহস্পতিবার(১৫ আগস্ট) রাতে আখাউড়া পৌর এলাকার খড়মপুর মাজার শরীফের কাছে জুয়া খেলায় বাধা দেয়ায় আন্দোলনের সাথে সম্পৃক্ত তিনজনকে পিটিয়ে আহত করা হয়। আহতরা হলেন, খড়মপুর গ্রামের কাজল খাদেমের ছেলে আশীষ খাদেম। তিনি খাদেম ট্রাভেলসে কর্মরত।
নারায়ণপুর গ্রামের মন্তাজ মিয়ার ছেলে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো: রিফাত ও উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামের ওসমান মিয়ার ছেলে আমজাদ। সে প্রাণ গ্রুপের বিক্রয়কর্মী হিসেবে কর্মরত।তাদের মধ্যে আশীষ খাদেমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। বাকিদুজন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।