প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৬:১২ পিএম (ভিজিট : ১৭৩)

X
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজের পেছনে একটি বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সীমা আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে ওই নারীর ভূমিষ্ঠ হওয়া সদ্য নবজাতকও মারা গেছে।
বুধবার (২৮ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এর আগে, গতকাল মঙ্গলবার রাতে সিজারে ওই নারীর একটি ছেলে সন্তানের জন্ম হয়। তবে, রাতেই নবজাতটি মারা যায়।
এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বাসায় ঢুকে ওই নারীকে ছুরিকাঘাত করা হয়।
নিহতের স্বামী জুয়েল বলেন, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় মাঝেমধ্যেই আমার শ্বশুরবাড়িতে যেত। গতকাল সে তার বাবার বাড়িতে যায়। তখন একটি যুবক হাতে ধারালো অস্ত্র নিয়ে বাসায় ঢুকে পড়ে।
আমার স্ত্রী ওই যুবককে বারবার বলে যে, আমার পেটে বাচ্চা আছে আমাকে মেরো না। সে কোনো কথা না শুনেই আমার স্ত্রীকে ধরালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আমার স্ত্রী ও আমার সন্তানকে যারা হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।
নিহতের ভাই নাসির বলেন, সীমা তার স্বামী জুয়েলকে নিয়ে আমাদের বাসার কাছাকাছি ভাড়া বাসায় থাকে। জুয়েল যাত্রাবাড়ী মোড়ে ফলের ব্যবসা করে। মাঝে মাঝে আমাদের বাসায় আসত। আমার বোনের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। গতকাল আমার বোন আমাদের বাসায় আসে।