প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৮ পিএম (ভিজিট : ৪৫৬)

X
চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ আব্দুস সামাদ। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগে কর্মরত ছিলেন। তিনি ২৪ বিসিএস ব্যাচের একজন সদস্য।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব মোঃ ইব্রাহিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। একই প্রজ্ঞাপনে ৩৪ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যক্রম হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে গতকাল সোমবার ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে দুই দিনে ৫৯টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সরকার গঠিত হয়। এর পর থেকে সরকারি চাকরিতে বিভিন্ন পর্যায়ে পরিবর্তনে হাত দেয় সরকার। এরই ধারাবাহিকতায় জনপ্রশাসন, পুলিশ, শিক্ষা ক্যাডারসহ বিভিন্ন চাকরিতে ব্যাপক রদবদল হচ্ছে।