বরিশাল সদর উপজেলার তালতলী থেকে মেহেন্দীহঞ্জের পাতারহাট রুটে বিএনপি নেতার নেতৃত্বে স্পীডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল শুক্রবার শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও ইউপি সদস্য মোখলেছুর রহমানের নেতৃত্বে স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়।
পরোক্ষভাবে চাঁদা দাবি করলেও প্রত্যক্ষভাবে তাদের অভিযোগ, স্পীডবোট চলাচল করার কারণে নদীভাঙন তীব্র হচ্ছে। এ কারণে বরিশাল পাতারহাট রুটে স্পীডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এসময় মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বহনকারী স্পীডবোটও আটকে দেয় মুখলেসুর রহমান ও তার অনুসারীরা। মারধর করা হয় এক চালককে।
স্পীডবোট মালিক ও চালকরা জানিয়েছেন, ক্ষমতার পালাবদলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চাঁদার জন্য এই পরিস্থিতির সৃষ্টি করছে।
স্পীডবোট চালক মো. সুজন বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে তালতলী থেকে যাত্রী নিয়ে যাওয়াকালে স্থানীয় মোকলেছ মেম্বার লোকজন নিয়ে বাধা দেয়। তাকে কলার ধরে টেনেহিচড়ে পিটায়। তালতলী ছেড়ে সামনে স্লুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিনের বোটও আটকে দেয়া হয়।
তিনি আরও বলেন, এ রুটে ৬২টি বোট চলে। প্রতি ট্রিপে ৩০০ টাকা ভাড়া নেয়া হয়। বিএনপি নেতা মোকলেছসহ অন্যরা এ রুট দখল করার জন্য এসব করছে।
পাতারহাটে স্পীডবোটের কর্তৃত্বে থাকা আলম হোসেন বলেন, গতকাল তালতলি খালের মধ্যে ঝামেলা হয়। তালতলি স্লুইজ গেট এর সামনে বোট আটকে দেয়া হয়েছে। এলাকাবাসী জানিয়েছে পাড় ভেঙে যায়। যে কারণে গতকাল সুজন নামক এক চালককে মারধর করেছে।