প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫৮ পিএম (ভিজিট : ১৩৯)

X
১১ বছর বয়সী মেয়ে রাফা’কে সাঁতার শেখাতে গিয়েছিলেন মো. মহিদুর রহমান (৫৫)। সাঁতার শেখার একপর্যায়ে নদীর পানিতে হঠাৎ তলিয়ে যায় মেয়ে। তাকে উদ্ধারের সময় বাবাও নিখোঁজ হয়েছেন।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে মানিকগঞ্জের সিঙ্গাইরে ধলেশ্বরী নদীতে। নিখোঁজ বাবা ও মেয়ে উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন সিঙ্গাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইশতিয়াক আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মহিদুর রহমান তার ১২ বছরের মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। এ সময় পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তলিয়ে যায় রাফা। তারপর মেয়েকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন বাবা মহিদুরও। খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করছেন।
আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের প্রধান দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, উদ্ধার কাজ অব্যাহত আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।