প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৫:৪৪ পিএম আপডেট: ১৬.১০.২০২৪ ৯:১৫ পিএম (ভিজিট : ১৭৭)

X
গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, সতর্ক থাকতে হবে আওয়ামীলীগের মতো ফ্যাসিবাদ যেন আর কোন সময় মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আমাদের জীবন থাকতে এদেশে আওয়ামীলীগকে কোন ঠাঁই দেওয়া হবে না।
লড়াই করে যখন অস্ত্রধারী সন্ত্রাসী আওয়ামী শাসনকে পরাজিত করতে পেরেছি, আগামীতেও আওয়ামী শাসনকে প্রতিরোধ করতে হবে। আওয়ামীলীগকে পুন:প্রতিষ্ঠার জন্য ভারতসহ বেশ কিছু বিদেশীরা উঠে পড়ে লেগেছে। সাবের হোসেন চৌধুরীকে মুক্ত করার পিছনে এরকম একটি তৎপরতা আছে।
গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ভিপি নূর বলেন, আজকে জনগণ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, দ্রব্যমূলের উর্ধ্বগতি। উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকায় বন্যা হয়েছে। তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, উৎপাদন কমে গেছে। সে কারণে সবকিছুর দামই বেড়েই চলছে। সরকারকে মনে রাখতে হবে এ সরকার কোন রাজনৈতিক সরকার নয়। তাই জনগণ যেন কষ্ট না পায়, সেই অগ্রাধিকার তাদেরকে আগে দিতে হবে। তাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চাল, ডাল, আলু, তেল এগুলোর উপর ভর্তুকি অব্যাহত রাখতে হবে। দুই বছর লাগবে নির্বাচন হতে। আমরা নির্বাচনের পক্ষে না। আগে সংস্কার হবে পরে নির্বাচন হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকারকে হঠাতে সাধারণ মানুষ ছাত্র জনতা স্বতঃস্ফুর্তভাবে রাজপথে যে প্রতিরোধ গড়েছিল সেই প্রতিরোধই আমাদেরকে মুক্তি এনে দিয়েছে। সেই প্রতিরোধ আন্দোলন সংগঠিত করতে রাজনৈতিক নেতাকর্মীরা আন্দোলনে নেতৃত্বে দিয়েছে। সাধারণ ছাত্র জনতার শহীদ ছাড়া আন্দোলন সফল হতো না। আপনারা দেখেছেন গত ১৫ বছরে শেখ হাসিনা আইয়ামে জাহেলিয়াত কায়েম করে রেখেছে। যেখানে মানুষের কথা বলার অধিকার, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার ছিল না। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট রাজনীতিতে একটি দুর্বৃত্তায়ন করে রেখেছিল। আমরা এটা থেকে পরিত্রান পেয়েছি।