প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৩:৫১ পিএম (ভিজিট : ১২৫)

X
বান্দরবানে দেশি-বিদেশী পর্যটক আকৃষ্টে হোটেল, মোটেল, রিসোর্ট, ট্রান্সপোর্ট ও রেষ্টুরেন্টে চলছে বিশেষ মুল্য ছাড়।বিপর্যস্ত পর্যটন খাতকে পুর্ণরুপে ফিরিয়ে আনতে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে ১০%-৩৫% বিশেষ এই মুল্য ছাড়ের ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহবায়ক মোঃ নাছিরুল আলম,সদস্য সচিব মো: সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে জেলার ৭টি উপজেলার মধ্যে বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি এই ৪টি উপজেলায় পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় এবং ভ্রমণে উৎসাহ দেওয়ায় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টামন্ডলীসহ সকল সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দকে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের পক্ষ হতে কৃতজ্ঞতা জানান।
সেই সাথে বান্দরবান জেলায় দেশি-বিদেশী পর্যটকদের ভ্রমণ আকৃষ্ট করতে ৭ নভেম্বর হতে ৩০ নভেম্বর পর্যন্ত বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে সমন্বয় পরিষদ। এসব মুল্যছাড়ের মধ্যে রয়েছে সকল আবাসিক হোটেল রুম বুকিং এ ৩৫%, সকল রিসোর্ট রুম বুকিং এ ২৫%, খাবার হোটেল এন্ড রেষ্টুরেন্টে ১০%, পর্যটকবাহী জীপ, কার, মাইক্রোবাস (চাঁদের গাড়ী) ভাড়া ২০%, পর্যটকবাহী সিএনজি ও মাহিন্দ্রা (থ্রি-হুইলার) ভাড়ায় ২০% মুল্যছাড়।
এছাড়া গত ৭ অক্টোবর হতে দীর্ঘ একমাস পর্যটনখাত বন্ধ থাকায় পর্যটকদের বিচরণ একেবারে কমে গেছে। বিপর্যস্ত পর্যটন খাতকে পুর্ণরুপে ফিরিয়ে আনতে দেশি-বিদেশী পর্যটকদের নিকট বিষয়টি বহুল প্রচারের জন্যে সকলের প্রতি অনুরোধ জানান পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ।