প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৩:৫৮ পিএম আপডেট: ০৭.১১.২০২৪ ৯:০৩ পিএম (ভিজিট : ৩১০)

X
টেকনাফে ঘুষের টাকা না পেয়ে এক প্রবাসীর স্ত্রীকে আবাসিক হোটেলে রাতযাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।
টেকনাফ মডেল থানায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুল মুবিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বাহারছড়ার ওই ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ওই প্রবাসীর বাড়িতে নিজেদের দখলীয় জমির ঘেরা-বেড়া ও ঘরবাড়ি ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। আতঙ্কিত প্রবাসীর পরিবার পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহায়তা চান। তখন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তদন্তের নামে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুল মুবিন ভুক্তভোগী নারীর থেকে ১২ হাজার টাকা নেন।
পরে ১৮ অক্টোবর এএসআই মুবিনের ব্যক্তিগত দুটি নম্বর থেকে ফোন করে সুষ্ঠু বিচার করে দেওয়ার কথা বলে তার সঙ্গে কক্সবাজারের আবাসিক হোটেলে যাওয়ার জন্য কুপ্রস্তাব দেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিদিন ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপ নম্বরে বিরতিহীনভাবে মেসেজ ও কল দিয়ে অনৈতিক প্রস্তাব দিতে থাকেন।
প্রবাসীর স্ত্রী বলেন, বিচার করে দেওয়ার নামে আমার কাছ থেকে দুদফা টাকা নেন এএসআই মুবিন। পরে তিনি আমাকে আবাসিক হোটেলে যাওয়ার কথা বলেন। যার যাবতীয় তথ্যপ্রমাণ আমার কাছে আছে।
জানতে চাইলে এএসআই আব্দুল মুবিন সব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে কথাই হয়নি। এগুলো সম্পূর্ণ ভুয়া।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ওই নারী লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে ওই কর্মকর্তা বিরুদ্ধে ব্যবস্থা নেব।