প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৯:১৭ পিএম (ভিজিট : ২১৮)

X
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গাবতলী টার্মিনালে আন্তজেলা বাস চলাচলের জন্য পৃথক সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, বিশেষ করে উত্তরবঙ্গগামী বাসগুলো বিআরটিএ ডিপোতে প্রবেশ এবং সেখান থেকে বের হওয়ার জন্য একটি ডেডিকেটেড রাস্তা ব্যবহার করবে। এই নতুন সড়কটি আমিনবাজার ব্রিজ হয়ে সরাসরি ডিপোর সঙ্গে সংযুক্ত থাকবে, ফলে বাসগুলো আর বর্তমান রাস্তাগুলোর ভেতর দিয়ে ঘুরে চলাচল করবে না।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে গাবতলী টার্মিনালের বিআরটিএ ডিপো পরিদর্শন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব তথ্য জানান।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘টার্মিনালের বাহিরে কোনও বাস দাঁড়াতে পারবে না এবং কোনও পরিবহনের টিকিট কাউন্টারও থাকবে না। আন্তজেলা বাস যাতায়াতের সব কার্যক্রম হবে টার্মিনালের ভেতরে। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ডিএনসিসি, বিআরটিএ, ডিএমপি ও অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে।’
এ সময় তিনি মিরপুর-১ থেকে মিরপুর-১৩ পর্যন্ত প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে ট্র্যাপার বসানোর ঘোষণা দেন। পাশাপাশি যেসব ওয়ার্কশপে অবৈধ অটোরিকশা তৈরি ও মেরামত করা হয় সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
সভায় উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন এবং নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক সার্কেল) নাঈম রায়হান খান প্রমুখ।