প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৭:৫৮ পিএম (ভিজিট : ১৭৯)

X
ময়মনসিংহের ভালুকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ব্যবসায়ী এবং পথচারী। আজ বুধবার (২১ মে) সকালে উপজেলার হাজিরবাজার ও সিডস্টোর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার হাজিরবাজার এলাকায় একটি আইচার ট্রাকের পেছনে যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মাহিন্দ্রার যাত্রী মাছ ব্যবসায়ী গোলাম মোস্তফা (৪৮)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বানিয়াকাজি গ্রামের বাসিন্দা এবং মো. সামছুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। দ্রুতগামী মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দিলে মাহিন্দ্রার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান গোলাম মোস্তফা।
অন্যদিকে, সকাল ১০টার দিকে সিডস্টোর এলাকার ওরিওন কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন সবুজ মিয়া (৪৫) নামের এক পথচারী। তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সবুজ মিয়া ভালুকা উপজেলার বর্তা গ্রামের বাসিন্দা এবং জবান আলীর ছেলে।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করে জানান, উভয় দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।