প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:৪৯ পিএম (ভিজিট : ১৪১)

X
সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে টঙ্গী বাজার শ্রী শ্রী দুর্গা মন্দির থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এসময় রঙিন ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে র্যালীতে অংশ গ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাক-ঢোল ও ভজন-কীর্তনের মাধ্যমে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে।
শ্রী শ্রী দূর্গা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত র্যালীতে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাস ও সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ, সহ সাধারণ সম্পাদক অমল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক রিদয় চন্দ্র বর্মন ও কোষাদক্ষ আনন্দ সরকার প্রমূখ।
সহযোগিতায় ছিলেন হিন্দু জনকল্যাণ সমিতি, উপদেষ্টা পরিষদ, যুব পরিষদ এবং সনাতন ধর্মের ভক্তবৃন্দ। র্যালী শেষে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা অর্চনা, ধর্মীয় প্রার্থনা ও আলোচন সভা অনুষ্ঠিত হয়।
এসময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মানবকল্যাণের জন্য মন্ত্রপাঠ করা হয়। শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এসময় ভক্তদের কাছে শুভেচ্ছা ও শিক্ষামূলক বার্তা পৌঁছে দেন সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
ভক্তবৃন্দ বলেন, জন্মাষ্টমী শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ন্যায়, সত্য ও ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।
সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আমাদের সকলকে ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণ প্রতিষ্ঠিত হবে।