প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ৭:০৮ পিএম (ভিজিট : ১০৫)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে ডেভিলহান্টের অভিযানে নাশকতার মামলায় আলম শেখ (৩৫) নামে এক আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তিতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম শেখকে (৩৫) গ্রেফতার করতে যায় পুলিশ। এসময় তাকে গ্রেফতার করতে গিয়ে ধস্তাধস্তিতে ভূঞাপুর থানার ৪জন পুলিশ সদস্য আহত হয়। আলম শেখ উপজেলার মেঘারপটল গ্রামের ফজলুল শেখের ছেলে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলার আসামি আলম শেখকে গ্রেফতার করতে শনিবার রাতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় তিনি পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে ৪জন পুলিশ সদস্য আহত হয় এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। রবিবার সকালে আলম শেখকে টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করা হয়।